Header AD
Trending

পুজোয় “অসুর” নিম্নচাপ, পঞ্চমী থেকে দশমী রাজ্যে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি

বোধনের বাকি আর মাত্র একদিন । এরই মাঝে গভীর নিম্নচাপ  দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে শনিবার। সেই সময় তার অবস্থান হবে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর। ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর শনিবার সকালে তা দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রে মুষলধারে বৃষ্টি এবং ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গেও তার প্রভাব পড়বে। নিম্নচাপের কারণে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে এখন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। ফলে সমুদ্র এখন উত্তাল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 আলিপুর আবহাওয়া অফিস সুত্রে খবর দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিম্নচাপ বাংলার দিকে এলে নবমীর দিন থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তার প্রভাবে কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস।

পুজোর কদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া?

ষষ্ঠীর দিন অর্থাৎ রবিবার  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ।

সপ্তমীর দিন অর্থাৎ সোমবার দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি  হতে পারে।

অষ্টমীতে অর্থাৎ মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং দুই ২৪ পরগনায় ও উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে ।

 নবমীর দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

পুজোর শেষ দিন অর্থাৎ দশমীতে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায়  ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।