SIR শুরুর পর থেকেই ভোটার তালিকায় একের পর এক গোলযোগের খবর নিত্যদিন সামনে আসছে। এবার ভোটার তালিকা থেকে নাম উড়ে গেল খোদ বিএলও-র (Block Level Officer) গোটা পরিবারের! ঘটনাটি চুঁচুড়ার। এলাকার দীর্ঘ দিনের ভোটার হওয়া সত্ত্বেও ২০০২-এ তালিকা থেকে বিএলও পরিবারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় আতান্তরে বিএলও এবং তাঁর পরিবার।
জানা গিয়েছে, চুঁচুড়ার ১৯৬ নম্বর বুথের বিএলও হলেন অমিতা বিশ্বাস। তাঁর শ্বশুরবাড়ির কোনও সদস্যদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই বলে জানিয়েছেন তাঁরা। অথচ অমিতা ও তাঁর পরিবারের দাবি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তাঁরা চুঁচুড়ার বাসিন্দা। অমিতার শ্বশুরের বর্তমানে বয়স ৮৬ বছর এমনকি তিনিই সরকারি চাকরিও করতেন। তাঁর নামও নেই তালিকায়। নাম পাওয়া যায়নি অমিতার স্বামীরও। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এইরকম বিএলওর পরিবারের মতো অনেকেরই তালিকায় নাম পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, এসআইআর ঘোষণা হওয়ার পরই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকা থেকে নাম চুরির বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু আবার ফের সেই নাম উধাওয়ের অভিযোগ উঠল।
বিএলও-র পরিবারের সদস্যদের আরও দাবি, ২০০২ সালের আগে ও পরে তাঁরা একাধিকবার ভোট দিয়েছেন। অথচ নির্বাচন কমিশনের আপলোড করা ২০০২ সালের তালিকায় তাঁদের নাম নেই।জানা গিয়েছে, তাঁদের কাছে প্রয়োজনীয় সব নথিই রয়েছে।এই ঘটনায় বিস্মিত ও আতঙ্কিত ওই পরিবারের প্রশ্ন, যাঁদের কাছে কোনও কাগজ নেই, অথচ দীর্ঘদিনের বাসিন্দা তাঁরা তাহলে কী করবেন?





