বাগডোগরা বিমান বন্দর থেকে উদ্ধার বিপুল পরিমাণ হিরে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল আগে থেকেই। বিমানবন্দরে এক ব্যক্তির আচরণ ও চলাফেরা দেখে সন্দেহও হয় তদন্তকারীদের। প্রাথমিক ভাবে তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলেও সন্দেহ মেটেনি। এরপর ওই ব্যক্তিকে তল্লাশি করলে উদ্ধার হয় বহুমূল্যের হিরে। মোট ৪৬টি হিরে উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে ওই হিরে উদ্ধার করে তদন্তকারী দল। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ধৃতের নাম দীপক কুমার মহাসুকলাল মেহতা ওরফে দীপক কুমার মেহতা। তার বাড়ি দিল্লিতে।
বিমানপথে হিরে পাচার হবে, গোপন সূত্রে খবর এবং সেই মতো অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল DRI বা কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রের পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ডিআরআই বাগডোগরা বিমানবন্দরে জাল বিছায়। আর সেই জালেই পা দেয় অভিযুক্ত। অভিযুক্ত দীপক কুমার মেহতা মঙ্গলবার বেলায় বিমান ধরার জন্য বিমানবন্দরে এসেছিলেন । তাঁকে দেখেই তদন্তকারীদের সন্দেহ হয় ।আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চাননি তিনি। এরপর তাঁর লাগেজ পরীক্ষা করতেই বেরিয়ে আসে ওই বিপুল পরিমাণ হিরে। জানা গিয়েছে, বৈধ কোনো কাগজ ছাড়াই লাগেজের ভিতর একটি প্যাকেটের মধ্যে ওই হিরে রাখা ছিল। পরবর্তীতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় হিরে। জানা গিয়েছে, মোট ৪৬টি হিরে পাচার করা হচ্ছিল। যার বর্তমান বাজারদর ৪ কোটি ৩৩ লক্ষ টাকা।
জানা যায়, ওই হিরে নেপাল থেকে সড়কপথে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছিল, যা আকাশপথে দিল্লি পাচার করার কথা ছিল। ডিআরআই-এর আইনজীবী রতন বণিক বলেন, মোট ৮০৮.৩৩ ক্যারেট বা ১৬১.৬৬ গ্রাম হিরে উদ্ধার হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি আদালতে তোলা হয়। আদালত তাঁকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা ও এই হিরে কার থেকে এনে কোথায় পাচারের ছক কষা হয়েছিল- সেসব খতিয়ে দেখা হচ্ছে।





