পুলিশের দ্বারস্থ হলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নৃত্যশিল্পীকে অকথ্য ভাষায় আক্রমণ করেন এক ব্যক্তি! তারই পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহধর্মিনী। তার ভিত্তিতে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে শুরু করেছে মামলা।
পুলিশ সূত্রে খবর, কলকাতা চলচ্চিত্র উৎসবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠানকে কেন্দ্র করেই কুমন্তব্যকরা হয় তাঁর বিরুদ্ধে। ডোনার অভিযোগ অনুযায়ী, গত ৪৫ বছর ধরে তিনি ভারতীয় ধ্রুপদী নৃত্যের চর্চা এবং অনুষ্ঠান করছেন। নৃত্য তাঁর পেশা ও আবেগ। সারা বিশ্বজুড়ে ওড়িশি নৃত্যের অনুষ্ঠান করেন তিনি। একটি বিশেষ ফেসবুক পেজের বিরুদ্ধেই মূলত তাঁর অভিযোগ। ডোনার অভিযোগ, ওই ফেসবুক পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘বডি শেমিং’ য়ের পাশাপাশি তাঁকে অপমানও করা হয়েছে। যার কারণে তাঁর খ্যাতি এবং মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তিনি এটি মানহানিকর বলেই মনে করেন। এই পোস্ট তাঁর সম্মানে আঘাত করেছে। যে কোনও মহিলার ক্ষেত্রেই বডি শেমিং ও এই বিষয়ে মন্তব্য সম্মানহানিকর। অনলাইনে তাঁকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ ডোনার।
এই অভিযোগ অনুযায়ী, ওই ফেসবুক পেজে ডোনা গঙ্গোপাধ্যায়ের একাধিক ছবি পোস্ট করে কুৎসিত ভাষায় তাঁকে হেনস্তা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্রের সঙ্গে ওই পোস্টের স্ক্রিনশট তিনি পুলিশকে দেন। এছাড়াও ওই ফেসবুক পেজ সংক্রান্ত একটি মোবাইল নম্বরও তিনি পুলিশকে দিয়েছেন। পুলিশের এক আধিকারিক জানান, ডোনার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ওই মোবাইল নম্বর ও ফেসবুক পেজের সূত্র ধরে ওই অকথ্য ভাষায় পোস্টগুলি যারা করেছে, তাঁদেরও সন্ধান চলছে।





