পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তলব করা হয়েছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসুকে। প্রায় ১২ ঘণ্টা পর ইডি-র দফতর থেকে বেরোলেন তিনি। সোমবার সকালেই নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবারও সমুদ্রকে তলব করেছিল ইডি। কিন্তু সে দিন কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দেননি সমুদ্র। জানিয়েছিলেন, তাঁর ব্যক্তিগত কাজ রয়েছে। ইডি সূত্রে খবর, সে বার তিনি আবেদন করেছিলেন, তাঁকে অন্য কোনও দিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হোক। সেই মতো সোমবার ইডি-র দফতরে যান সমুদ্র। রাত সাড়ে ১০টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরোন বলে সূত্রের খবর।
এর আগে বুধবার হাজিরা এড়িয়েছেন সুজিতের স্ত্রীও। তবে গত সপ্তাহে সুজিতের কন্যা মোহিনী বসু ইডির দফতরে হাজিরা দিয়েছেন। নথিপত্র নিয়ে তিনি সিজিও কমপ্লেক্সে যান। তাঁর স্বামীকেও ইডি জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। সুজিতের জামাইয়ের পরিবার ব্যবসার সঙ্গে যুক্ত। সে সব ব্যবসায় পুরনিয়োগ দুর্নীতির টাকা ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে ডেকে পাঠায় ইডি। এই প্রসঙ্গে সুজিত জানিয়ে দেন, হাজিরা দিচ্ছেন না মানেই যে তাঁরা পালাতে চাইছেন, এমনটা নয়। তাঁরা পালিয়ে যাওয়ার লোক নন।
প্রসঙ্গত, এর আগে বছ্রখানেক আগে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে লেকটাউনে সুজিতের দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা। দীর্ঘ তল্লাশির পর বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল। সঙ্গে দমকলমন্ত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল। সম্প্রতি ওই মামলার তদন্তে কলকাতার বেশ কিছু জায়গায় ফের হানা দেয় ইডি।





