Header AD

SIR চলাকালীন নিয়মে বদল নির্বাচন কমিশনের! নতুন ভোটারদের নাম তুলতে বাধ্যতামূলক আধার

SIR চলাকালীনই নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল রাজ্য নির্বাচন কমিশন। এবার থেকে আর অফলাইনে তোলা যাবে না নাম। অফলাইনের পরিবর্তে এবার থেকে নাম তোলা যাবে শুধু অনলাইনেই। এছাড়াও, এবার থেকে নতুন ভোটারদের নাম তোলার জন্য বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। SIR-এর পর আগামী ৯ ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর ফর্ম-৬ পূরণ করে নাম তুলতে পারবেন নতুন ভোটাররা। আবেদন চলবে‌ ৮ জানুয়ারি পর্যন্ত। কমিশন জানিয়েছে, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ‘ই-সাইন’ অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সুতরাং নতুন ভোটারের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক । শুধু আধারই একমাত্র নথি নয়, আগের মতো আরও একাধিক নথি দিতে হবে ভোটার কার্ডে নাম তোলার ক্ষেত্রে। নতুন ভোটারদের আবেদন করার জন্য ২০০২ ভোটার লিস্টে থাকা বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমার নাম দিতে হবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, আধার কার্ড কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। তারপরেই কমিশনের এই বদল।

অপরদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকা তৈরির সময় মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য রাজ্যের সব ইআরওদের মৃত ভোটারদের নামের তালিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই তালিকর ভিত্তিতে প্রতি বুথে সেখানকার মৃত ভোটারদের তালিকা টাঙানো থাকবে। তারপরও যদি মৃত ভোটারের তালিকায় থাকা কোনও নাম খসড়া তালিকায় থাকতে দেখা যায়, তবে তাঁকে ডাকা হবে শুনানিতে। কমিশন সূত্রে খবর, আধার কার্ড কর্তৃপক্ষ, শ্মশান, ডাকঘর, ব্যাঙ্ক-সহ একাধিক জায়গা থেকে মৃত ভোটারের নামের তালিকা আসছে কমিশনের কাছে। ইআরওদের কাছে সেই তালিকা পাঠানো হবে স্কুটিনি করার জন্য।

সূত্রের খবর, অধিকাংশ জেলায় ফর্ম আপলোডের কাজ ৫০ শতাংশের বেশি হয়ে গিয়েছে। কলকাতা যদিও কিছুটা পিছিয়ে আছে। এখনও পর্যন্ত উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় ৬৪ শতাংশ কাজ হয়েছে। ৮০ শতাংশের বেশি কাজ হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামে। নিয়ম মেনে করা হয়েছে সমস্ত কাজ। এখনও পর্যন্ত কোথাও নিয়মভঙ্গ  হওয়ার কোনও খবর মেলেনি।