পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-এর কাজ চলছে। একেবারে তৃণমূল স্তরে নেমে পরিস্থিতি খতিয়ে দেখতে যায় নির্বাচন কমিশন। সেই আবহেই বাংলায় এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে পাঁচজন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন। প্রেসিডেন্সি ডিভিশন, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশন, এই পাঁচ জায়গায় এসআইআর কাজ কর্মের উপর নজরদারি করবেন পাঁচজন আধিকারিক। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এক জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সুব্রত গুপ্ত ওই পদে বসেছিলেন। তা ছাড়াও রাজ্যে রয়েছেন ১২ জন এসআইআর পর্যবেক্ষক। বিভিন্ন জেলায় নিযুক্ত রয়েছেন তাঁরা সবাই। সারা রাজ্যের পাঁচটি ডিভিশনের কাজ খতিয়ে দেখবেন এবার এই পাঁচজন পর্যবেক্ষক। এই দায়িত্ব পেয়েছেন কুমার রবিকান্ত সিংহ, নীরজ কুমার বানসোড়, অলোক তিওয়ারি, পঙ্কজ যাদব ও কৃষ্ণকুমার নিরালা।
এ বিষয়ে কমিশন জানায়, এসআইআরে শুক্রবার পর্যন্ত রাজ্যে ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১ জন ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলছে। তাঁদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯। বাকি কারও খোঁজ মেলেনি। কেউ স্থানান্তরিত হয়েছেন। কোনও ভোটার আবার ‘ভুয়ো’ বলে জেনেছে কমিশন। এই পরিসংখ্যান যাতে নির্ভুল হয়, সে দিকেই কমিশনের নজর বলে খবর। এ রাজ্যে মৃত বা স্থানান্তরিত ভোটার একজনও নেই, এমন বুথের সংখ্যা ছিল সাত। সেই নিয়ে উঠেছিল নানা ধরনের প্রশ্ন। মনে করা হচ্ছে, সেই জন্যই এই বাড়তি তৎপরতা দেখাচ্ছে কমিশন। গত ৪ নভেম্বর থেকে এই রাজ্য-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে গত ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে সাত দিন বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিল কমিশন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে আরও সাত দিন সময় বাড়িয়ে দিতে রাজি বলে সিইও-দের জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।





