দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ (AI Impact Summit2026) ঘিরে হঠাৎ করেই জোর জল্পনা। কারণ, এই আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের অতিথি তালিকা থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে বিল গেট্স (Bill Gates)–এর নাম। যদিও ভারত সরকার এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি, তবে একাধিক সংবাদমাধ্যম সূত্রের দাবি, সম্প্রতি প্রকাশিত এপস্টিন (Jeffrey Epstein) সংক্রান্ত নথিতে গেটসের নাম জড়ানোই এর মূল কারণ।
এই এআই সামিটে বিশ্বের প্রায় ৬৫টি দেশের প্রতিনিধি, একাধিক রাষ্ট্রপ্রধান এবং নামী প্রযুক্তি সংস্থার সিইওদের উপস্থিত থাকার কথা। এতদিন অতিথি তালিকায় ছিল গেটসের নামও। কিন্তু মঙ্গলবারের পর থেকে দেখা যায়, সংশোধিত তালিকায় তাঁর নাম আর নেই। দিল্লির তরফে নীরবতা থাকলেও কেন্দ্রীয় সূত্র উদ্ধৃত করে কিছু সংবাদমাধ্যম বলছে, এপস্টিনের দ্বারা নির্যাতিতদের পাশে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবারই ভারতে পৌঁছেছেন গেটস। বর্তমানে Gates Foundation–এর কর্ণধার এই শিল্পপতি অন্ধ্রপ্রদেশ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ( N. Chandrababu Naidu) এবং রাজ্যের মন্ত্রী নারা লকেশের (Nara Lokesh) সঙ্গে পরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠকও করেন। শোনা যাচ্ছিল, তিনি দিল্লির এআই সম্মেলনেও যোগ দিতে পারেন এবং বক্তৃতা দেওয়ার সম্ভাবনাও ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সব পরিকল্পনা স্থগিত বলেই খবর।
সাম্প্রতিক সময়ে প্রকাশিত তথাকথিত ‘এপস্টিন ফাইল’-এ কয়েকটি ইমেলের উল্লেখ রয়েছে, যেখানে গেটস ও এপস্টিনের মধ্যে যোগাযোগের দাবি করা হয়েছে। এমনকী একটি ইমেলে রুশ মহিলাদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হওয়ার মতো গুরুতর অভিযোগও তোলা হয় গেটসের বিরুদ্ধে। যদিও এই সব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করেছেন তিনি। এক অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গেটস এপস্টিনের সঙ্গে পরিচয় ও সাক্ষাতের কথা স্বীকার করলেও, মহিলাসংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করেন। তাঁর কথায়,
“এপস্টিনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত। আমি দুঃখিত।”
সব মিলিয়ে, দিল্লির এআই সামিটের অতিথি তালিকা থেকে গেটসের নাম সত্যিই সরানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এপস্টিন বিতর্ক যে আন্তর্জাতিক মঞ্চেও আলোড়ন ফেলেছে, তা বলাই যায়।





