রাজ্যে ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল । গলায় ফাঁস লাগা অবস্থায় নিজের ঘর থেকে উদ্ধার করা হল বৃদ্ধের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
SIR আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে একের পর এক মৃত্যুর অভিযোগ। আবারও একই ঘটনা ঘটল নদীয়ায়। সূত্রের খবর, মৃত বৃদ্ধের নাম সুশান্ত বিশ্বাস। এন্যুমারেশন ফর্ম ফিলাপের পরও আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তিনি।বাড়ি থেকে বেরোনোও বন্ধ করে দিয়েছিলেন। এরপর রবিবার সকালে ওই বৃদ্ধকে ঘরের মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
SIR আতঙ্কে শুক্র এবং শনিবারেও মালদহে দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছিল। এরপর রবিবার সেই তালিকায় যুক্ত হল ৬০ বছর বয়সী সুশান্ত বিশ্বাসের নাম। মৃত বৃদ্ধ ধানতলা থানা এলাকার মাটিকুমড়া মধ্যপাড়ার বাসিন্দা। মৃতের স্ত্রী নমিতা বিশ্বাসের অভিযোগ, এসআইআরের আতঙ্কে তাঁর স্বামী কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সারাক্ষণ এই বিষয়েই চিন্তা করতেন। এছাড়াও SIR ফর্মপূরণ করার পরও কোনওভাবে তাঁর আতঙ্ক কাটছিল না। পরিবার সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকার সুশান্ত বিশ্বাসের মায়ের নাম ছিল। তারপরও ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আতঙ্ক ছিল তাঁর। এছাড়াও ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার আতঙ্কও কাজ করছিল। প্রতিবেশীরাও তাঁকে আতঙ্কিত না হতে বহুবার বুঝিয়েছিলেন। কোনও সমস্যার মুখে ওই পরিবারকে পড়তে হবে না। সেই কথাও বলা হয়েছিল। তবে কোনওভাবেই ওই বৃদ্ধের মন থেকে আতঙ্ক কাটানো যায়নি।





