Header AD

অ্যাপ্লিকেশন স্টেটাস ‘সাকসেসফুল’ হলেও অ্যাকাউন্টে আসেনি টাকা! যুবসাথী নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে শুরু হওয়া যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে সরকারি ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে বা অনলাইনে আবেদন করেছেন অনেকে উপভোক্তাই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ৭ মার্চ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরুও হয়ে গিয়েছে। তবে বেশ কিছু উপভোক্তা এখনও টাকা পাননি বলে অভিযোগ। এমনকি অনেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ হলেও টাকা ঢুকছে না বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে সমস্যা গুলির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

LPG গ্যাস সঙ্কট নিয়ে বৃহস্পতিবারই প্রশাসনিক স্তরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। তারপর থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। তার আগে রাজ্যের বিভিন্ন নতুন প্রকল্পের কাজ শুরু করে দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবসাথী প্রকল্পের পাশাপাশি অন্তবর্তী বাজেটে রাজ্যের খেতমজুরদের আর্থিক সহায়তা প্রদানের ব্যাপারেও ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে খেতমজুরদের সহায়তা দেওয়ার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। খারিফ মরশুমের জন্যে খেতমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দ্রুত দেওয়ার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় আবেদনকারীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকটি শর্ত নির্ধারণ করেছে। এই প্রকল্পের জন্য তারাই একমাত্র আবেদন করতে পারবেন যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। পাশাপাশি যারা মাধ্যমিক পাশ করেছে। তবে যারা রাজ্য সরকারের ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ডের মতো ভাতা পান এক্ষত্রে তাদের যুবসাথী পেতে কোনও সমস্যা হবে না। তবে রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পে টাকা না পেলে, এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন তারা।

এসআইআরের প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপ্রিল নয়, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকতে শুরু করবে। তিনি জানান, প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে। সেই সময়ের পরেও যদি কেউ বেকার অবস্থায় থাকেন, তবে পরিস্থিতি পুনর্বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অনেক আবেদনকারীর টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কিন্তু অনেকেরই অভিযোগ মেসেজ পেলেও টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। সেই সব সমস্যার দ্রুত নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।