ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া এলাকায় প্রথমবারের মতো সরকারি পার্কিং লট তৈরির উদ্যোগ নিল কলকাতা পুরসভা। বাইপাস পুরসভার হাতে আসার পর এই প্রথম পরিকল্পিতভাবে পার্কিং ব্যবস্থার নকশা চূড়ান্ত করা হয়েছে। পুরসভা সূত্রে খবর, মোট ১৪টি রাস্তায় পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত হয়েছে। সবক’টি পার্কিং লট চালু হলে সেখানে একসঙ্গে ৪৮২টি গাড়ি রাখা যাবে বলে জানিয়েছে পার্কিং বিভাগ।
পুর কর্তৃপক্ষের মতে, এই নতুন ব্যবস্থা চালু হলে একদিকে যেমন পুরসভার রাজস্ব বাড়বে, তেমনই বেআইনি পার্কিং কমে বাইপাস ও আশপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণে আসবে। তাই দ্রুত কাজ শুরু করার দিকেই ঝুঁকছে পুরসভা।
এই পার্কিং লটগুলির পরিচালনার দায়িত্ব বণ্টনে প্রথমবার ‘ই-নিলাম’ পদ্ধতি চালু করা হচ্ছে। এতদিন টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ করা হলেও, রাজ্য সরকারের নির্দেশিকা মেনে এবার ই-নিলামকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন এজেন্সির মাধ্যমে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তোলাই লক্ষ্য। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, খুব শিগগিরই ই-নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকল্পের কাজ শুরু হবে।





