সাধারণতন্ত্র দিবসের আগের রাতে দক্ষিণ ২৪ পরগনার আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে গতি আনতে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল বারুইপুর জেলা পুলিশ। এই সিটের নেতৃত্বে রয়েছেন বারুইপুর পুলিশের এসপি শুভেন্দ্র কুমার।
ইতিমধ্যেই এই ঘটনায় মোমো প্রস্তুতকারী সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি সংশ্লিষ্ট একটি ডেকরেটার্স সংস্থার মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল ডেকরেটার্সের গোডাউন থেকেই।এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ২৭টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজন থানায় এসে অভিযোগ জানিয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেনসিক দল ও দমকল বিভাগের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বজায় রাখা এবং উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে বুধবার মধ্যরাত থেকে নাজিরাবাদ এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকায় কড়া নজরদারি বজায় থাকবে বলে জানিয়েছে পুলিশ।




