Header AD
Trending

সাইবার জালিয়াতিতে ৩০ হাজার টাকা খোয়ালেন কলকাতার প্রাক্তন সিপির ছেলে, ওড়িশা থেকে গ্রেপ্তার অভিযুক্ত

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার পুত্র সাইবার প্রতারণার শিকার হয়েছেন। অনলাইনে লেনদেনের সময় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়। এরপর তিনি কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং ঘটনার সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতকে বুধবার ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়।

জানা গিয়েছে, মনোজ ভার্মার ছেলে দিল্লিতে পেয়িং গেস্ট হিসেবে একটি ঘর ভাড়া নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই প্রতারকদের ফাঁদে পড়ে তাঁর অ্যাকাউন্ট থেকে আচমকা ৩০ হাজার টাকা চলে যায়। টাকা ফেরত পাওয়া না যাওয়ায় বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে টাকা লেনদেনের সূত্র ধরে ওড়িশা থেকে রাকেশ প্রধান নামে এক যুবককে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। গত ৪ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়। বুধবার ব্যাঙ্কশাল আদালতে মামলার শুনানিতে ধৃতকে ছ’দিনের পুলিশি হেফাজতে রাখার অনুমতি দেয় আদালত, যা কার্যকর থাকবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

যদিও অভিযুক্তের আইনজীবী তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, দিল্লিতে প্রতারণার ঘটনা ঘটলেও কলকাতায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগকারীর বাবার প্রভাবের কারণে। তবে আদালতে ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেশ করা হলে বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করেন। পুলিশের ধারণা, জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার সঙ্গে যুক্ত বৃহত্তর সাইবার প্রতারণা চক্রের আরও সদস্যদের খোঁজ মিলতে পারে।

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। সেই সময় তাঁকে সরিয়ে মনোজ ভার্মাকে কলকাতার পুলিশ কমিশনার পদে নিয়োগ করা হয়েছিল। পরে চলতি বছরের শুরুতে তাঁর জায়গায় সুপ্রতিম সরকার দায়িত্ব নেন।