এবার বেসরকারি হাসপাতাল থেকেও পাওয়া যাবে বিনামূল্যের সরকারি টিকা। ইউআইপি বা ইন্ডিয়ান ইউনিভার্সাল ইমিউনিজেশন প্রোগ্রামের আওতায় শিশুদের টিবি, ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিস বি, রুবেল্লা, মিজলসসহ মোট ১২ ধরনের রোগের মোকাবিলায় বিনামূল্যে টিকাকরণ করা হয়। এতদিন শিশুর জন্মের পর এই টিকাগুলি মূলত সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকেই দেওয়া হতো। নতুন ব্যবস্থায় অনুমোদিত বেসরকারি হাসপাতালেও এই টিকা বিনামূল্যে দেওয়া হবে। তবে তার জন্য সংশ্লিষ্ট জেলার বেসরকারি হাসপাতালকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত আবেদন জানাতে হবে। আবেদনপত্র খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় অনুমোদন দেবে।
জনস্বাস্থ্য আধিকারিক ডাঃ অনির্বাণ দলুই জানিয়েছেন, শুধু বড় বেসরকারি হাসপাতাল নয়, ছোট ও মাঝারি হাসপাতালগুলিতেও সরকারি টিকাকরণ কর্মসূচি চালু করা সম্ভব। নতুন এই নির্দেশিকা কার্যকর হলে টিকাদানের ক্ষেত্রে সম্ভাব্য ভুলত্রুটি কমবে বলেও মনে করা হচ্ছে। এই নির্দেশিকায় শিশুদের সুরক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ডাঃ দলুই আরও বলেন, টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলার ব্যবস্থাও এবার আরও শক্তিশালী করা হবে। এদিকে টিকাকরণ চালু করতে গেলে বেসরকারি হাসপাতালগুলিকে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। বিশেষ এসওপি জারি করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতালে টিকাদানের জন্য আলাদা ওয়েটিং এরিয়া এবং একটি নির্দিষ্ট টিকাকরণ কক্ষ রাখতে হবে। পাশাপাশি টিকা দেওয়ার পর পর্যবেক্ষণের জন্য আলাদা পোস্ট-ভ্যাকসিনেশন অবজারভেশন সেন্টারও প্রস্তুত রাখতে হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী টিকাকরণ কেন্দ্রের পাশেই স্তন্যপান করানোর জন্য আলাদা একটি জায়গা রাখতে হবে। যাতে নবজাতককে নিয়ে আসা মায়েদের কোনও অসুবিধার মুখে পড়তে না হয়। এছাড়া কোনও বেসরকারি হাসপাতাল সপ্তাহে সর্বাধিক দু’দিন টিকাকরণ সেশন আয়োজন করতে পারবে। সম্ভাব্য টিকাগ্রহীতার সংখ্যা বিবেচনা করে সেই দিনগুলি নির্ধারণ করবেন সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।




