Header AD

ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, দু’দিনের ব্যস্ত সূচি

রবিবার রাতেই কলকাতায় পৌঁছতে চলেছে ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দলের নেতৃত্বে থাকবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে আসছেন নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। সোমবার ও মঙ্গলবার শহরে তাঁদের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

এদিকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এখনও চলছে। তার মধ্যেই কমিশনের এই সফর ঘিরে কার্যত রাজ্যে নির্বাচনের প্রস্তুতির আভাস মিলতে শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে এবং কলকাতায় তাদের রুট মার্চও শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, রবিবার ৮ মার্চ রাতে কমিশনের প্রতিনিধিরা কলকাতায় পৌঁছবেন। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল কমিশনের সামনে বক্তব্য রাখবেন। এরপর বেলা ১টা ১৫ মিনিট থেকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে বৈঠক হবে। মোট ২৪টি সংস্থার প্রধান ওই বৈঠকে উপস্থিত থাকবেন। একই দিনে জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করবে কমিশন। বিকেল পর্যন্ত এই বৈঠক চলবে।

মঙ্গলবারও কমিশনের ফুল বেঞ্চের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) সঙ্গে আলোচনা করবে কমিশন। সফরের শেষে একটি সাংবাদিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।

কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে আরও থাকবেন সিনিয়র ডেপুটি কমিশনার মনীশ গর্গ, পবনকুমার শর্মা, জ্ঞানেশ ভারতী, ডিরেক্টর জেনারেল আশিস গোয়েল, প্রধান সচিব এসবি জোশি, ডিরেক্টর মনোজ সি, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল, ডেপুটি ডিরেক্টর পি পবন এবং সচিব অপূর্বকুমার সিংহ। মঙ্গলবার মধ্যাহ্নভোজের পরই দিল্লির উদ্দেশে রওনা দেবেন কমিশনের সদস্যরা। বিকেল ৩টা ৫৫ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের বিমান ছাড়ার কথা রয়েছে।