Header AD
Trending

ভোটার তালিকায় ভূত! মোদির বারাণসীতে ৯২০০ ভুয়ো নাম ফাঁস করে তোপ বিজেপি মন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্র বারাণসীতেই বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের অস্তিত্ব সামনে এনেছেন বিজেপিরই (BJP) এক নেতা। উত্তরপ্রদেশে চলতি বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার মাঝেই বারাণসী উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক ও রাজ্যের মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল দাবি করেছেন, অন্তত ৯ হাজার ২০০ জন ভুয়ো ভোটারের নাম শনাক্ত করা হয়েছে। রবীন্দ্রর অভিযোগ, একাধিক ক্ষেত্রে একই ব্যক্তির নাম পাঁচবার পর্যন্ত ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে। তিনি জানান, দলীয়ভাবে যাচাই করেই এই ৯ হাজার ২০০ জনের তালিকা তৈরি করা হয়েছে এবং বিষয়টি জেলা নির্বাচনী আধিকারিককে লিখিতভাবে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী বলেন, একজন নাগরিকের নাম শুধুমাত্র একটি জায়গার ভোটার তালিকায় থাকার কথা। যদি একই ব্যক্তির নাম একাধিক বুথ বা এলাকায় থাকে, তাহলে এসআইআর চালিয়ে আদৌ কী লাভ হচ্ছে— সেই প্রশ্নই তুলেছেন তিনি। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন।

উল্লেখ্য, ভুয়ো বা ‘ভূত’ ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যেই দেশজুড়ে এসআইআর চালু করেছে নির্বাচন কমিশন, যা নিয়ে এতদিন বিরোধীদের নিশানা করেছিল বিজেপি। অথচ উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পরেই প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ ওঠে। এবার সেই খসড়া তালিকাতেই ৯ হাজার ২০০ ভুয়ো ভোটারের নাম থাকার দাবি বিজেপি মন্ত্রীর মুখে আসায় শাসকদলের অন্দরে অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।