দুই বছরে একবারও অফিসে যাননি। অথচ বেতন বাবদ ব্যাংকে ঢুকেছে ৩৭. ৫৪ লক্ষ টাকা। অবাক করা এমন কাণ্ড ঘটেছে রাজস্থানে। এই ঘটনায় দুই অভিযুক্ত হলেন তথ্যপ্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা প্রদ্যুম্ন দীক্ষিত এবং তাঁর স্ত্রী পুনম দীক্ষিত।
সূত্রের খবর, রাজস্থান সরকারের অধীনস্ত রাজকম্প ইনফো সার্ভিসের যুগ্ম অধিকর্তা পদে কর্মরত ছিলেন প্রদ্যুম্ন। সেই পদে থাকাকালীন, দু’টি বেসরকারি সংস্থা ওরিয়নপ্রো সলিউশনস এবং ট্রিজেন সফটওয়ার লিমিটেডকে সরকারি টেন্ডার পাওয়ান তিনি। এর পরিবর্তে তাঁর স্ত্রী পুনমকে ওই দুই সংস্থায় কর্মরত হিসেবে দেখিয়ে বেতন দেওয়ার দাবি করেন ওই আধিকারিক। সেই হিসেব অনুযায়ী একদিনও অফিসে না গিয়ে পুনম ৩৭.৫৪ লক্ষ টাকা বেতন পেয়েছেন ।
ইতিমধ্যেই রাজস্থান হাই কোর্টে এই ঘটনায় একটি পিটিশন জমা পড়েছে। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী দল দুর্নীতি বিরোধী তদন্ত শুরু করে। তদন্তে উঠে এসেছে, পুনম দীক্ষিত দুই সংস্থা থেকেই প্রতি মাসে মাইনে পাচ্ছিলেন। ওরিয়নপ্রো সলিউশনস তাঁকে সংস্থার কর্মী হিসেবে দেখায়। অপরদিকে, ট্রিজেন তাঁকে ফ্রিল্যান্সার হিসেবে মাইনে দেয়।
এসিবির তদন্তে জানা গিয়েছে, জানুয়ারি ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে ওরিয়নপ্রো সলিউশনস এবং ট্রিজেন সফটওয়্যার লিমিটেড পুনম দীক্ষিতের পাঁচটি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৩৭ লক্ষ ৫৪ হাজার ৪০৫ টাকা বেতন হিসেবে পাঠিয়েছে। পুনম দীক্ষিত কখনও দুটি অফিসের একটিতেও কখনওই যাননি। প্রদ্যুম্ন দীক্ষিত তাঁর স্ত্রীর ভুয়ো উপস্থিতির রিপোর্ট নিজেই অনুমোদন করেছেন। এছাড়াও দুই সংস্থা সরকারি টেন্ডার পেয়েছে বলেও তদন্তে পাওয়া গিয়েছে।





