রাজ্যজুড়ে চলেছে SIR শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বয়স্ক, অসুস্থ, অন্তঃসত্ত্বাদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। লম্বা লাইনে কেউ দাঁড়িয়ে ইনহেলার হাতে, কেউ এসেছে ক্রাচে ভর দিয়ে, আবার কেউ বা এসেছেন অশক্ত শরীরে অন্যের কাঁধে চেপে। এস আই আর শুনানির নামে সাধারন মানুষ লাগাতার হয়রানির শিকার হচ্ছেন। অথচ জনগণের এই হেনস্তার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে বিতর্ক আরও বাড়ালেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এর প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
সুকান্ত একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের দাবি করেন, “ভোট দিতে ভোটকেন্দ্রে কীভাবে আসবেন, তখন অসুবিধা হবে না?আপনি যদি ভোট দিতে যেতে পারেন তবে এসআইআর করাতে যেতে পারবেন না কেন, আমি এটা বুঝতে পারছি না।” বয়স্ক, অসুস্থ, বিশেষ ক্ষমতাসম্পন্নদের এভাবে কটাক্ষ করার পরই প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসকদল।
তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে। রাজ্যের শাসক শিবিরের বক্তব্য, “এটা নাকি একজন জনপ্রতিনিধির ভাষা! বয়সের ভারে ন্যুব্জ, অসুস্থ, বিশেষভাবে সক্ষম মানুষকে শুনানির নামে হেনস্তা করছে কমিশন। কেউ হুইলচেয়ারে বসে, কেউ অ্যাম্বুল্যান্সে শুয়ে শুনানিতে যাচ্ছেন। আর সেই দুর্দশাগ্রস্ত মানুষদের অবস্থা দেখেও কটূক্তি করছেন বিজেপির মাতব্বর নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।” পাশাপাশি তৃণমূলের প্রশ্ন, “এরা আদৌ মানুষ? বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান তো দূর, অন্যের অক্ষমতাকেও কটূক্তি করছে।” প্রতিবাদে সুকান্তকে ধিক্কার জানিয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, শুনানির নামে চলছে বয়স্ক ও বৈধ ভোটারদের হেনস্তা। শুনানির তৃতীয় দিনেও রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ধরা পড়েছে সেই একই ছবি। সেই সঙ্গে ভোটারদের দীর্ঘ লাইনও দেখা গেছে সর্বত্র।





