Header AD

প্রেম দিবসে বিয়ে করতে গিয়ে আটক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, স্কুটারের বুটে আগ্নেয়াস্ত্র!

প্রেমিকের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করতে গিয়ে বিপাকে পড়লেন এক উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থী। ‘ভ্যালেন্টাইন্স ডে’-তে (Vallentines Day) রেজিস্ট্রি অফিসে যাওয়ার পর পুলিশের হাতে আটক হল যুগল। ঘটনাটি শনিবার দুপুরে বর্ধমান (Burdwan) শহরের। জানা গিয়েছে, শুক্রবার দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়ে যাওয়ায় শনিবার উচ্চ মাধ্যমিকের কোনও পরীক্ষা ছিল না। সেই সুযোগে প্রেমিকের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করার পরিকল্পনা করেন তরুণী। প্রেমিকের বাড়ি বাঁকুড়া জেলায়। শনিবার তাঁরা বর্ধমানে এসে রেজিস্ট্রি অফিসে যান। পুলিশ জানিয়েছে, বিয়ে রেজিস্ট্রি করার জন্য নয়, স্কুটারের বুট থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের কারণেই তাঁদের আটক করা হয়েছে। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল—একটি সন্দেহজনক স্কুটারের বুটে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে নজরদারি চলছিল।

দুপুরে যুগলকে স্কুটারে করে গোলাপবাগ মোড়ের দিকে যেতে দেখা যায়। রেজিস্ট্রি অফিসে কাজ সেরে বেরোনোর পর স্কুটারের কাছে পৌঁছতেই তাঁদের আটক করে পুলিশ। নির্দেশ অনুযায়ী স্কুটারের বুট খুলতেই ভিতর থেকে উদ্ধার হয় একটি ছ’ঘড়ার রিভলভার। প্রেমিক ও প্রেমিকা—দু’জনেই দাবি করেন, আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল, সে বিষয়ে তাঁদের কোনও ধারণা নেই। তাঁরা শুধু প্রেম দিবসে বিয়ে রেজিস্ট্রি করতেই এসেছিলেন। এরপর তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে থানায় পৌঁছোন পরীক্ষার্থীর দিদিমা। তিনি জানান, নাতনি নিয়মিত স্কুটার ব্যবহার করে টিউশন, নাচের স্কুলসহ নানা কাজে। আগে কখনও কোনও সমস্যা হয়নি। তাঁর সন্দেহ, কেউ ইচ্ছাকৃত ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। নাতনির বিয়ের পরিকল্পনার কথাও তিনি আগে জানতেন না বলে জানান।

পুলিশের বক্তব্য, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কার, কী ভাবে স্কুটারের বুটে এল এবং এর নেপথ্যে কোনও চক্রান্ত রয়েছে কি না, সব খতিয়ে দেখা হচ্ছে।