শীতের সকালে কলকাতায় ফের ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে হেস্টিংস মোড়ে। একটি চারচাকা গাড়িতে ধাক্কা মুরগিবোঝাই লরির। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। জখম ওই গাড়ির এক আরোহী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ব্যক্তিগত গাড়ি চড়ে একই পরিবারের চার সদস্য মেটিয়াবুরুজ থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা একটি মুরগিবোঝাই লরি সামনে থেকে ধাক্কা মারে চারচাকা গাড়িটিকে। হেস্টিংস মোড়ের কাছেই অঘটন। অভিযোগ, ট্রাফিক বিধি না মেনে বাঁদিকের বদলে ডানদিকে চলে যান লরিচালক। তাতেই ধাক্কা লাগে। প্রায় থেঁতলে যায় গাড়ির সামনের অংশ। জখম হন গাড়ির পিছনের আসনে থাকা বছর সাতাশের এক যুবক। জখম বিকাশ মাহাতোর মাথা ফেটে গিয়েছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালকের চোটাঘাত তেমন লাগেনি। কারণ, গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
এই ঘটনার পর লরি হেস্টিংস মোড়ে ফেলে পালিয়ে যায় চালক। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিশ। মুরগিবোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। লরি চালকের খোঁজ চলছে।




