Header AD
Trending

গোয়ার নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ২৫! সাসপেন্ড তিন আধিকারিক

ভয়াবহ অগ্নিকাণ্ড গোয়ার জনপ্রিয় নৈশক্লাবে। পার্টি চলাকালীন আগুনে ঝলসে মৃত্যু হল ২৫ জনের। নৈশক্লাবে ব্যবস্থাপনা দেখভালে গাফিলতির অভিযোগে তিন সরকারি আধিকারিককে সাসপেন্ড করল গোয়া সরকার। এছাড়াও মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়।

সূত্রের খবর, শনিবার উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাবটিতে পার্টি চলছিল। পার্টি চলাকালীনই আচমকা আগুন ধরে যায় ক্লাবে। আগুনের লেলিহান শিখায় প্রাণ যায় ২০ জন ক্লাব কর্মী ও ৫ জন পর্যটকের। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত জানিয়েছেন,”ভিতরে আতশবাজি ফাটানোয় আগুন লাগে নৈশক্লাবে। আগুন থেকে বাঁচতে পালানোর খুব বেশি রাস্তা ছিল না। পর্যাপ্ত প্রবেশপথ না থাকায় মৃতের সংখ্যা বেড়েছে”।

প্রসঙ্গত, গোয়ার ওই নৈশক্লাবের বিরুদ্ধে বেআইনি নির্মাণ এবং অপর্যাপ্ত প্রবেশপথ ছাড়াও একাধিক অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে পঞ্চায়েত পরিচালক সিদ্ধি তুষার হরলঙ্কর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব সদস্য ডাঃ শামিলা মন্টেরো এবং গ্রামীণ পঞ্চায়েত আরপোরা-নাগোয়ার সচিব রঘুবীর বাগকরকে। এক আধিকারিক জানিয়েছেন, এই তিন জনই ২০২৩ সালে আরপোরায় তৈরি হওয়া ‘বির্চ বাই রোমিও লেনে’ নৈশক্লাবটিকে ছাড়পত্র দেন। আরপোরা-নাগোয়ার পঞ্চায়েত প্রধান রোশন রেদকর ওই নৈশক্লাবটির জন্য ট্রেড লাইসেন্স ইস্যু করেছিলেন। পুলিশ তাঁকেও  জিজ্ঞাসাবাদ করছে।

ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করেছে গোয়া সরকার। এক সপ্তাহের মধ্যে তাঁদের প্রাথমিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ঘটনার পর থেকেই বিরোধী দলের রোষের মুখে পড়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী।