Header AD
Trending

আসানসোলে ভয়ঙ্কর কাণ্ড! মা-ছেলের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার- খুন নাকি দুর্ঘটনা, তদন্তে পুলিশ

পারিবারিক অশান্তির জের! আসানসোলে মা ও ছেলের রহস্যমৃত্যু। মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে দেয় ছেলে এবং তারপর নিজেও আত্মঘাতী? ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মহিলার দেহে কোনও গুলির চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের দিকেই নজর তদন্তকারীদের।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার কলেজ মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের একাংশের দাবি, প্রথমে মাকে গুলি করে খুন করে পুত্র, পরে ঘরে আগুন লাগানো হয়। শুক্রবার ভোরে সেখানকার একটি বাড়ি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় নামে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। একই বাড়ি থেকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁর ছেলে রাজা মুখোপাধ্যায়কে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় রাজার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি আত্মহত্যা, খুন না কি নিছক দুর্ঘটনা— তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, প্রথমে মাকে গুলি করে খুন করা হয়, পরে আগুন লাগানো হয়। অন্যদিকে, রাজা গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন, না কি তা অসাবধানতাবশত লেগে যায় গায়ে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে স্থানীয়দের মধ্যে।

সূত্রের খবর, রাজা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। সেই সূত্রেই তাঁর কাছে একটি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ছিল। এলাকাবাসীদের অভিযোগ, ওই অস্ত্র থেকেই গুলি চালানো হয়ে থাকতে পারে। অন্য দিকে পরিবার সূত্রে খবর, গত বুধবার কোনও এক বিষয়কে কেন্দ্র করে বাবা-মায়ের সঙ্গে রাজার গন্ডগোল বাঁধে। আর সেই সময় অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে বাবাকে মারধরও করেন বলে অভিযোগ। প্রাণে বাঁচতে তিনি পালিয়ে যান মেয়ের বাড়ি পুরুলিয়ার কাশিপুরে।এর পরেই শুক্রবার ভোরে বাড়ি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর স্বামী উপস্থিত ছিলেন না। ঘটনার তদন্ত শুরু করে সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।