বৃহস্পতিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হুলস্থুল পানিহাটিতে। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের, গুরুতর জখম আরও চারজন। দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত নামে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিটি রোডের ধানকল মোড়ের কাছে দু’টি বাসের চালক যাত্রী তুলতে গিয়ে রেষারেষি করছিলেন। সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা দুই সাইকেল আরোহীকে চাপা দেয়। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর ওই বাসটি একটি অটো ও একটি বাইককেও ধাক্কা মারে। তাতে চারজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সকলেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিটি রোডে আগেও একাধিকবার বাস চালকদের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটেছে। যাত্রী তুলতে গিয়ে বেপরোয়া প্রতিযোগিতাই বারবার এই প্রাণঘাতী ঘটনার কারণ হয়ে উঠছে। আজও সেই রেষারেষির জেরেই দুর্ঘটনা ঘটল।





