Header AD
Trending

আমার একটা আদর্শ আছে, বিজেপির অনুষ্ঠানে কীভাবে যাব!গীতাপাঠে না যাওয়া নিয়ে স্পষ্টবার্তা মুখ্যমন্ত্রীর

রবিবার, ৭ ডিসেম্বর ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও (C V Ananda Bose)। রাজ্যপালের ওইদিনের অনুষ্ঠানে গিয়ে গীতাপাঠে অংশ নিলেও অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার কোচবিহার যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তার জবাব দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, ” বিজেপির অনুষ্ঠানে আমি কী করে যাব? নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম। আমি তো একটা পার্টি করি। আমার একটা আদর্শ আছে।আমি সব ধর্মকে সম্মান করি। কিন্তু বিজেপি যেখানে সরাসরি যুক্ত সেখানে আমি যেতে পারব না।”

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, “যারা বলে যে নেতাজিকে পছন্দ করে না, বিদ্যাসাগর-রামমোহন রায়কে পছন্দ করে না, তাদের সঙ্গে আমি নেই। থাকতে পারব না।বাংলাকে যারা অপমান করে, অসম্মান করে তাদের সঙ্গে আমি নেই। আমার বাংলার মাটি, আমাদের শিক্ষকরা, আমার বাবা-মা কেউই আমাকে এই শিক্ষা দেয়নি।”

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবর সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছে বিরোধী বিজেপি শিবির। ইদ, ক্রিসমাসের মতো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সক্রিয় অংশগ্রহণ নিয়েও তারা বারবার প্রশ্ন তুলেছে। রবিবার গীতাপাঠের আসরে তিনি অনুপস্থিত থাকায় রাজ্যের বিরোধী দল বিজেপি সরব হয়। এবার তার প্রতিবাদের স্পষ্টবার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।