Header AD

নেতাজি বেঁচে থাকলে তাঁকেও হিয়ারিংয়ে ডাকা হতো!’ পরাক্রম দিবসে কেন্দ্র ও কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মতলায় আয়োজিত রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফের এসআইআর (সোশ্যাল ইনভেস্টিগেটিভ রিপোর্ট) নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এদিনের বক্তৃতায় তিনি প্রশ্ন তোলেন, “নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিংয়ে ডাকা হত?”
এছাড়া, প্রায় ১১০ জনের মৃত্যুর প্রসঙ্গে নির্বাচনী কমিশন এবং কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র আক্রমণ করেন মমতা।

তিনি দাবি করেন, “প্রতিদিন SIR আতঙ্কে তিন-চার জন আত্মহত্যা করছেন, কেন এর দায় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার নেবে না?কেন্দ্রীয় সরকারকে এর দায় নিতে হবে। পার্টির নাম না-হয় না-ই বললাম।”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, “দেশের ইতিহাস গুলিয়ে দেওয়া হচ্ছে, মনীষীদের অসম্মান করা হচ্ছে এবং ভাষার প্রতি অবমাননা চলছে।” তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ তুলে বলেন, “নেতাজি প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেটি তুলে দিয়ে , তার বদলে তৈরি করা হয়েছে নীতি আয়োগ। সেটা খায় না মাথায় দেয় কেউ জানে না।”

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নেতাজির জন্মদিনকে এখনও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়নি, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।আমরা তাঁর মৃত্যুদিনটাও জানতে পারিনি।”

এদিনের বক্তৃতায় তিনি এসআইআর নিয়ে ফের সরব হন। এসআইআর-এর জন্য সাধারণ মানুষের ‘যন্ত্রণা’ প্রসঙ্গে বলেন, “এটা কৌরবপক্ষের সঙ্গে লড়াই। মানবিকতার সঙ্গে দানবিকতার লড়াই।আজকে যারা মানুষকে যন্ত্রণা দিচ্ছে, তাদেরও যন্ত্রণা পোহাতে হবে।”

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এসআইআর নোটিস এবং বিভিন্ন বিতর্কিত বিষয়ও এদিনের বক্তব্যে তুলে ধরে তিনি বলেন, “অমর্ত্য সেনকে নোটিস পাঠিয়ে বাবা-মায়ের বয়সের ফারাক জানতে চাইছে। বিয়েটাও ওরা ঠিক করে দেবে। কে কার সঙ্গে প্রেম করবে, সেটাও ঠিক করে দিতে চাইছে।”