Header AD

‘SIR নিয়ে আলোচনা চাইলেই বলছে নাটক!’ মোদির ‘ড্রামা’ মন্তব্যের প্রতিবাদে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সংসদ নাটক করার জায়গা নয়। সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদের নজিরবিহীনভাবে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তার প্রতিবাদে সরব হলেন তৃণমূ্লের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন্দ্রকে নিশানা করে তাঁর প্রশ্ন, এসআইআর নিয়ে আলোচনা চাইলেই সেটাকে নাটক বলে দাগিয়ে দেওয়া হবে কেন?” পাশাপাশি তাঁর দাবি “সংসদে SIR নিয়ে কেন্দ্রকে জবাব দিতে হবে।”

সোমবার মহেশতলায় সেবাশ্রয় ২ শিবিরের উদ্বোধনে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর এহেন বিরূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এসআইআর ৪০ জনের প্রাণ কেড়েছে। ৮-১০ জন এখনও হাসপাতালে ভর্তি। সেটা নিয়ে প্রশ্ন তোলাকে নাটক বলে মনে হয়? এসআইআর নিয়ে প্রশ্ন তুললেই সেটা ড্রামা! মানুষের মৃত্যুকে নাটক বলছে? কমিশন কেন এত তাড়াহুড়ো করছে? কেন্দ্র কেন জবাব দেবে না? মানুষের মৃত্যুকে ড্রামা বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি। আসলে সবাই বুঝতে পারছে কে নাটক করছে।” মোদিকে পালটা জবাব দেওয়ার পাশাপাশি এদিন তিনি চ্যালেঞ্জ করেছেন নির্বাচন কমিশনকেও। সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আপনারা ভোটার তালিকা সংশোধনের জন্য SIR করাচ্ছেন। ভালো কথা। আপনারা বলছেন দেশের ভোট প্রক্রিয়া সঠিক হলেও সকল ভোটার বৈধ নয়। তাহলে সেই ভোটারদের দ্বারা নির্বাচিত আপনাদের সরকার কীভাবে বৈধ হয়? এ প্রসঙ্গে কমিশনকে কোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

পাশাপাশি বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এদিন ফের সরব হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। “বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। উল্টে গত সাত বছরে বাংলার গরীব মানুষকে শোষন করে জমিদারদের সরকার জিএসটি বাবদ ৬ লক্ষ ৫০ হাজার ১০০ কোটি টাকা নিয়ে গিয়েছে এরাজ্য থেকে । আসলে বাংলার গরীব মানুষকে এভাবেই বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রাখাই কেন্দ্রের জমিদার বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য।” এভাবেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিজেপিকে নিশানা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।