Header AD

পশ্চিম এশিয়ার অস্থিরতার প্রভাব! ব্যাহত বিমান পরিষেবা, কলকাতা থেকে বাতিল সাত আন্তর্জাতিক উড়ান

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সামরিক উত্তেজনার প্রভাব পড়ল কলকাতার বিমান পরিষেবাতেও। শুক্রবার পশ্চিম এশিয়াগামী এবং সেখান থেকে কলকাতায় আসার কথা ছিল— এমন মোট সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। বাতিল হওয়া উড়ানের মধ্যে কলকাতা বিমানবন্দর (Netaji Subhas Chandra Bose International Airport) থেকে দুবাই, দোহা এবং আবু ধাবিগামী মোট চারটি উড়ান রয়েছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার তিনটি শহর— আবু ধাবি (Abu Dhabi), দুবাই (Dubai) এবং দোহা (Doha)থেকে কলকাতাগামী আরও তিনটি উড়ানও বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বাতিল হওয়া উড়ানগুলির মধ্যে রয়েছে এয়ার অ্যারাবিয়ার একটি, এতিহাদ এয়ারলাইন্সের দুটি, কাতার এয়ারওয়েজের দুটি এবং এমিরেটসের দুটি উড়ান। এর মধ্যে এয়ার অ্যারাবিয়ার উড়ানটি কলকাতা থেকে আবু ধাবি যাওয়ার কথা ছিল। এতিহাদের একটি উড়ান কলকাতা থেকে আবু ধাবি এবং অন্যটি আবু ধাবি থেকে কলকাতায় আসার কথা ছিল। কাতার এয়ারওয়েজের ক্ষেত্রে দোহা থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে দোহাগামী— দুই দিকেরই উড়ান বাতিল হয়েছে। একই ভাবে এমিরেটসের দুবাই–কলকাতা এবং কলকাতা–দুবাই রুটের উড়ানও বাতিল করা হয়েছে।

কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে উড়ানের রুট ও সময়সূচি পর্যালোচনা করা হচ্ছে। তাই যাত্রীদের নিয়মিত ভাবে উড়ানের সময়সূচি বা বাতিল সংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে শেষ উড়ানটি ছেড়েছিল। এমিরেটসের সেই বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। এরপর টানা ১১৩ ঘণ্টা ৫ মিনিট দুবাই–কলকাতা রুটে বিমান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে দুবাইয়ে বিমান ফের আংশিক ভাবে চলাচল শুরু হয়। শুক্রবার থেকে দোহা এবং আবু ধাবিতেও আংশিক উড়ান পরিষেবা চালু হয়েছে। তার মধ্যেই ফের বিমান বাতিল হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই যাত্রীদের মনে নতুন করে সংশয় তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ইজ়রায়েল ও আমেরিকা। তার জেরেই পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। নিরাপত্তার কারণে ওই অঞ্চলের একাধিক দেশ সাময়িক ভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। বৃহস্পতিবার থেকে দুবাইয়ে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। আর শুক্রবার থেকে দোহা ও আবু ধাবিতেও আংশিক ভাবে উড়ান পরিষেবা চালু হয়েছে।