Header AD

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব! ফেব্রুয়ারির শুরুতে রাজ্যে ফের পারদপতন, সঙ্গে কুয়াশার দাপট

মাঘের শুরু থেকেই বাংলায় ঠাণ্ডার দাপট বেশ কিছুটা কমে গিয়েছে। বেলা বাড়লেই রোদের তাপে গায়ে গরম জামা রাখা দায় হয়ে উথেছে। কিন্তু ফেব্রুয়ারির শুরুতে সেই চিত্রের কিছুটা হলেও বদল ঘটল। আটকে গেল তাপমাত্রার বৃদ্ধি। উত্তর ভারত জুড়ে পশ্চিমী ঝঞ্ঝার (western disturbance) প্রভাবে বৃষ্টি ও তুষার পাতের প্রভাব পড়েছে বাংলাতেও। কিছুটা হলেও পারদ ফের নিম্নমুখী হয়েছে। সঙ্গে রয়েছে কুয়াশার দাপট।

সোমবার সকাল থেকেই আচমকা ঘন কুয়াশার (dense fog) দাপট দেখা গিয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়। কলকাতার তাপমাত্রা ফের ১৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) যেখানে ১৫.২ ডিগ্রি ছিল, সেখানে সোমবারের তাপমাত্র ১৫.১ ডিগ্রি- অর্থাৎ পারদ সামান্য হলেও নামল। একইভাবে পশ্চিমের জেলাগুলিতেও নামবে তাপমাত্রা। আগামী দুদিন তাপমাত্রা এমনই থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সেই সঙ্গে শুরু হয়েছে কুয়াশার সমস্যা। আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার (dense fog) দাপট থাকবে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশার প্রভাব থাকবে।একইভাবে উত্তরের জেলাগুলিতেও কুয়াশার প্রভাব জারি রয়েছে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে সেখানে কুয়াশার প্রভাব কমার পূর্বাভাসও রয়েছে।