ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই রণে ভঙ্গ দিল শীত। কলকাতা-সহ গোটা বঙ্গে কিছুটা হলেও কমলো শীতের দাপট। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের এই ওঠাপড়া বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন তাপমাত্রার এই ওঠাপড়া বজায় থাকবে বলেই খবর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এছাড়াও পাকিস্তান সংলগ্ন জম্মু- কাশ্মীরেও রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। আগামী ১৭ ডিসেম্বর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। পাশাপাশি দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায়ও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরেই কলকাতায় শীতের দাপট কমেছে। তাপমাত্রা কিছুটা বেড়েছে। সব মিলিয়ে তাই বলা চলে পশ্চিমী ঝঞ্ঝা বাদ সাধছে শীতের আমেজ
উপভোগে। সোমবার কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে। আগামী পাঁচ থেকে সাত দিন ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় বজায় থাকবে শীতের আমেজ। এছাড়াও সঙ্গে থাকবে কুয়াশার দাপট। তবে বেলা গড়াতেই কমবে শীতের অনুভূতি। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে । উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের ও উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলা গুলিতে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।





