Header AD
Trending

অমানবিক দিল্লি! জনকপুরীতে মর্মান্তিক দুর্ঘটনা, সাহায্য না পাওয়ার অভিযোগ ঠাকুমার

দিল্লির পশ্চিমাংশের জনকপুরী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ছ’বছরের এক শিশুকন্যা। ঘটনায় আহত হয়েছেন তার ৫৭ বছর বয়সি ঠাকুমা মার্সি জেভিয়ার। দুর্ঘটনার পর সাহায্য চাইলে প্রথমে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ তাঁর।

পরিবারের সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকালে ঠাকুমার সঙ্গে রিকশায় করে স্কুলে যাচ্ছিল শিশুটি। আচমকাই একটি দ্রুতগতির গাড়ি এসে রিকশাটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ঠাকুমা ও নাতনি দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার্সি দেবী জানান, জ্ঞান ফেরার পর দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন, পাশে অচেতন নাতনি। নিজের আঘাতের কথা ভুলে গিয়ে আশপাশের মানুষজনের কাছে সাহায্য চান তিনি। তাঁর দাবি, একজন গাড়িচালকের কাছে অনুরোধ করা হলেও তিনি সাহায্য না করে সেখান থেকে চলে যান। আরও কয়েকজনকে ডাকলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা এগিয়ে এসে তাঁদের হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর ভেঙে পড়েছে পরিবার। শিশুটির মায়ের বক্তব্য, বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বন্ধ করা জরুরি, নইলে যে কোনও মুহূর্তে এ ধরনের দুর্ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারাতে পারেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়িচালক সঞ্জীবকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।