Header AD

দিঘার জগন্নাথ ধামে প্রথমবার জন্মাষ্টমীতে উৎসবমুখর সৈকত শহর

শনিবার, জন্মাষ্টমী- ছোট্ট গোপালের আবির্ভাব তিথি। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর গোটা দিঘা। এই প্রথমবার দিঘার জগন্নাথ ধামে পালিত হচ্ছে জন্মাষ্টমী।উৎসব উপলক্ষে দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমিয়েছেন সৈকত শহরে। অপরূপ ভক্তি এবং ঈশ্বর প্রেমে সকাল থেকেই জন্মাষ্টমীর অনুষ্ঠান উপলক্ষে দিঘার জগন্নাথ ধাম চত্বরে তৈরি হয়েছে এক অপরূপ আধ্যাত্মিক পরিবেশ। এদিন সকাল ৬টা নাগাদ ভক্তদের জন্য খুলে যায় মন্দিরের দ্বার। তখন থেকেই কাতারে কাতারে ভক্ত ভিড় জমান জগন্নাথ ধামে। মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠানের। এরপর সকাল থেকেই চলছে ধর্মকথা ও নাম গানের আসর। তারই মাঝে শাস্ত্রীয় নৃত্যের আসর তৈরি করেছে এক অপরূপ আনন্দঘন মুহূর্তের। এদিন সকাল সাড়ে নটা নাগাদ রাধাকৃষ্ণের মূর্তি ভোগ মন্ডপে নিয়ে গিয়ে বিশেষ অভিষেক করানো হয়। সেখানে দুধ, মধু, ঘিয়ের পাশাপাশি ১০৮ তীর্থক্ষেত্রের জলে স্নান করানো হয় রাধাকৃষ্ণকে। দুপুর ১২ টা নাগাদ দেওয়া হয় বিশেষ রাজভোগ। সেই ভোগের মেনুতে বিভিন্ন ধরনের নারকেল নাড়ুর পাশাপাশি ছিল বাংলার বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি। এদিকে জন্মাষ্টমীকে কেন্দ্র করে রঙিন আলোতে সাজিয়ে তোলা হয়েছে গোটা জগন্নাথ ধাম চত্বর। অন্যান্য দিন রাত্রি ন’টায় জগন্নাথ ধামের দ্বার বন্ধ হয়ে গেলেও জন্মাষ্টমী উপলক্ষে শনিবার রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকবে জগন্নাথ ধামের দরজা। আজ রাত্রি দশটা থেকে শুরু হবে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক পর্ব। সেখানে ভক্তরাও অংশ নিতে পারবেন। এরপর সাড়ে এগারোটা নাগাদ নতুন পোশাকে সাজিয়ে তোলা হবে রাধা কৃষ্ণকে। সেই পোশাক ইসকনের তরফ থেকে গত মঙ্গলবার বিকেলেই দিঘা জগন্নাথ ধামে এসে পৌঁছে গিয়েছে। ঠিক ঘড়িতে বারোটা বাজার কয়েক সেকেন্ড আগে আচমকা নিভে যাবে গোটা জগন্নাথ ধামের সব আলো। ঠিক বারোটা বাজলেই পুনরায় শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রঙিন আলো জ্বলে উঠবে গোটা জগন্নাথ ধামে। শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণ ও খোল কর্তালের ধ্বনীতে তৈরি হবে জন্মাষ্টমীর আবহ। জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণকে অর্পণ করা হবে ১০০৮টি নারকেল নাড়ু। এছাড়াও প্রায় একশোর বেশি পদ শ্রীকৃষ্ণকে অর্পণ করা হবে। জন্মাষ্টমীর পূর্ণলগ্নে জগন্নাথ ধামে শনিবার সকালে নতুন একটি ম্যাচলেস সপের উদ্বোধন করা হয়েছে। এখান থেকেই জগন্নাথ ও শ্রীকৃষ্ণের জন্য বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন ভক্তরা। জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য তথা কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস বলেন, “পশ্চিমবঙ্গের বাইরে থেকেও জন্মাষ্টমী উপলক্ষে বহু মানুষ এসেছেন। আমরা সনাতন সমস্ত রীতিনীতি মেনেই জন্মাষ্টমী পালন করছি। রাত বারোটায় বিশেষভাবে জগন্নাথ ধামে এই জন্মাষ্টমী পালন করা হবে। তার আগে সকাল থেকে চলছে বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যক্রম।”