ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণা কলকাতা ইসকন মন্দিরে। অর্ডারের চেয়ে কম বই সরাবরাহ করে ভুয়ো বিল দিয়ে টাকা হাতিয়েছেন সাপ্লায়ার বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখা হবে।
সূত্রের খবর, ইসকনের তরফে প্রচুর বইয়ের অর্ডার দেওয়া হয়েছিল বেশ কয়েক বছর আগে। দায়িত্বে থাকা সাপ্লায়ার দেবরাজ ভট্টাচার্য তা দিয়েছিলেন। অভিযোগ, যে সংখ্যক বইয়ের অর্ডার দেওয়া হয়েছিল, দেবরাজ দেননি। উপরন্তু ২ কোটি টাকা নিয়েছেন ভুল বিল জমা দিয়ে। পরে অডিটের সময় গরমিল ধরা পড়ে। এরপরই শেক্সপিয়র সরণি থানায় দেবরাজ ও তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে ২০১৯ সালে অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনার পর থেকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজছিল দেবরাজকে। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। আদালত থেকেও ইস্যু হয়েছিল ওয়ারেন্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সপ্তাহে কলকাতায় ফিরে আসেন দেবরাজ। এরপরই গিরিশ পার্ক এলাকা থেকে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। দেবরাজকে এই ঘটনায় ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দেবরাজকে জেরা করলেই বাকিদের হদিশ পাওয়া যাবে বলে আশা তদন্তকারীদের।




