Header AD

গভীর রাতে হাওড়ায় সোনার দোকানে দুঃসাহসিক চুরি, নগদ ও গয়না লুট—সিসিটিভি নষ্ট করে পালাল দুষ্কৃতীরা

হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার একটি সোনা-রুপোর গয়নার দোকানে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে সংঘটিত এই ঘটনায় দুষ্কৃতীরা একের পর এক তালা কেটে দোকানের শাটার খুলে ভেতরে ঢোকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় সাত লক্ষ টাকার সোনা ও রুপোর গয়নার পাশাপাশি নগদ টাকাও লুট করে পালিয়েছে তারা।

মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে মালিক প্রথম চুরির বিষয়টা জানতে পারেন। তিনি দেখেন দোকানের ভেতরের অবস্থা সম্পূর্ণ তছনছ। দোকানের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে খালি গয়নার বাক্স। সঙ্গে সঙ্গে তিনি নিশ্চিন্দা থানায় খবর দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির আগে দুষ্কৃতীরা অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করেছে। দোকানের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটি ক্যামেরার তার কেটে দেওয়া হয়। শুধু তাই নয়, দোকানের ভেতরের সিসিটিভি ক্যামেরাগুলিও ভেঙে ফেলা হয় এবং হার্ডডিস্ক খুলে নিয়ে যায় তারা, যাতে কোনওভাবেই তাদের ছবি বা ফুটেজ না পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চোরেরা যাতে কেউ বাইরে বেরতে না পারে, তার জন্য এলাকার একাধিক বাড়ির সদর দরজা দড়ি দিয়ে বেঁধে দেয়। এতে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। চুরির কায়দা দেখে এলাকাবাসীর অনুমান, দুষ্কৃতীরা বেশ কয়েকদিন ধরেই এলাকায় রেইকি চালিয়েছিল। কোথায় কোথায় সিসিটিভি রয়েছে, তা আগে থেকেই তাদের জানা ছিল।

এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের আরও অভিযোগ, গত দেড় থেকে দুই মাসের মধ্যে একই কায়দায় একাধিক সোনার দোকানে চুরি হয়েছে। একাধিকবার থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশের তরফে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কিত ও ক্ষুব্ধ। বর্তমানে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।