রাজ্যে চলতি মরশুমে প্রথম নিপা ভাইরাস (Nipah Virus) আক্রান্তের মৃত্যু হল। মৃতার নাম সৌমি রায় চৌধুরী। পেশায় নার্স। কয়েকদিন আগে তাঁর শরীরে নিপা সংক্রমণ ধরা পড়ে। এরপর ৪ জানুয়ারি তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দীর্ঘদিন ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে দীর্ঘ লড়াইয়ের অবসান হল।
সূত্রের খবর, প্রায় ৩৯ দিন চিকিৎসার পর বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, নিপা সংক্রমণ থেকে তিনি সেরে উঠলেও ফুসফুসে সেকেন্ডারি সংক্রমণ এবং পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলেই এই মর্মান্তিক পরিণতি ঘটে। দীর্ঘদিন ধরে জ্বর, শ্বাসকষ্টসহ একাধিক উপসর্গে ভুগছিলেন তিনি।
এদিকে নিপা সংক্রমণ রুখতে আগেই একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জানানো হয়েছে, যাঁরা দীর্ঘ সময় ধরে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে ছিলেন, তাঁদেরই মূলত ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। উপসর্গ না থাকলেও এমন ব্যক্তিদের ২১ দিন নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় স্বাস্থ্যকর্মীরা দিনে দু’বার ফোন করে তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন বলেও জানানো হয়েছে।
চিকিৎসকদের তরফেও বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ফল খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে বলা হয়েছে। বাদুড় বা অন্য কোনও পশুর কামড় দেওয়া ফল একেবারেই না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে খেজুরের রস এড়িয়ে চলাই ভালো। পেয়ারা, লিচুর মতো ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রাস্তাঘাটে কাটা ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, সামান্য অসাবধানতাই ডেকে আনতে পারে বড় বিপদ।





