ভোর কিংবা সকালের দিকে বেশ হালকা একটা ঠান্ডার আমেজ থাকে। কোথাও কোথাও থাকে হালকা কুয়াশা। কিন্তু তারপরেই উধাও সেই আমেজ। দক্ষিণবঙ্গে শীতের পথে কাঁটা হয়ে উঠছে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ! ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে দক্ষিণের দু-একটি জেলায় ফের হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । তবে সোমবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমে শুষ্ক আবহাওয়া শুরু হবে, এমনই পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় মন্থা-র পরবর্তীতে এই সোমবার থেকে দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও আবার হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। পরের দিকে পরিষ্কার হবে। তবে মঙ্গলবার থেকে রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে বলে জানানো হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণও অনেকটাই কমবে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে সোমবার ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে এক ধাক্কায় আর্দ্রতা অনেকটাই কমে শুষ্ক শীতের আবহাওয়া শুরু হবে বলে জানা গিয়েছে। যদিও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণের জেলাগুলিতে আবারও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল এলাকায় নিম্নচাপ ঘনীভূত হওয়ায় দক্ষিণের উপকূলবর্তী এলাকায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। তার জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।





