Header AD

SIR মামলায় সুপ্রিম কোর্টে ফের মমতা! সোমবারও কি নিজেই সওয়াল করবেন মুখ্যমন্ত্রী

আগামী সোমবার সুপ্রিম কোর্টে ফের SIR মামলার শুনানি হবে। জানা যাচ্ছে, সেই শুনানিতেও ফের সওয়াল করতে দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবারের পর আবারও শীর্ষ আদালতে হাজির হয়ে নিজের মামলায় নিজেই সওয়াল করবেন তিনি। সূত্রের খবর, রবিবারই দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

বুধবারের শুনানি কার্যত ঐতিহাসিক হয়ে ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চে দাঁড়িয়ে নিজেই অপরিকল্পিত SIR-এর বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নির্বাচন কমিশনকে একাধিকবার—মোট ছ’টি চিঠি পাঠানো হলেও কোনও উত্তর মেলেনি। আদালতে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখানে আমার দলের হয়ে লড়ছি না।”

একই সঙ্গে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়েও। তাঁর কথায়, “কেন শুধু বাংলাকেই টার্গেট করা হচ্ছে? অসমে কেন এই প্রক্রিয়া চালানো হচ্ছে না? নির্বাচনের ঠিক আগে এত তাড়াহুড়ো করে SIR কেন?” মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রক্রিয়ার ফলে রাজ্যে একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন একাধিক বিএলও, বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রীর সওয়ালের পর সুপ্রিম কোর্ট কমিশনকে সংবেদনশীল হওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে কমিশনকে নোটিশ দেয় সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।

শুনানি শেষে বুধবারই কলকাতায় ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মামলা গড়ানোয় ফের তাঁর দিল্লি সফর একপ্রকার নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে উপস্থিত থেকে আবারও নিজের মামলায় সরাসরি সওয়াল করবেন বাংলার মুখ্যমন্ত্রী।