Header AD

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সোমবার থেকে অনশন প্রত্যাহারের ঘোষণা মমতাবালা ঠাকুরের

SIR -এর প্রতিবাদে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসেছেন মতুয়ারা। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সাড়া দিয়ে অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন মতুয়া মহাসংঘ সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। সোমবার দুপুর ১২ টায় অনশন প্রত্যাহার করার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ডাক দিয়েছেন বৃহত্তর আন্দোলনের। তিনি সাফ জানিয়েছেন, এসআইআরের নামে কোনও অন্যায় বরদাস্ত করা হবে না।

প্রসঙ্গত মতুয়ারা মনে করছেন এসআইআরের ফলে তাঁদের অনেকের নামই ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। সে কারণেই এসআইআর-এর প্রতিবাদে সরব মতুয়ারা। মমতাবালাপন্থী মতুয়ারা ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তবে মমতাবালা ঠাকুর-সহ ১০ জন এখনও অনশন চালিয়ে যাচ্ছিলেন।

এরই মাঝে রবিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুরবাড়িতে যায় তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন মন্ত্রী শশী বাজার, স্নেহাশিস চক্রবর্তী ও তন্ময় ঘোষ। এরপর রাতেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মমতাবালা ঠাকুর। এদিন রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি “মমতাবালা ঠাকুর বলেন, সোমবার বেলা বারোটার সময় অনশন তুলে নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন। তাঁর চিঠিকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত।” এরপরই তিনি জানান, তবে অনশন তুলে নেওয়া হচ্ছে কারণ এবার বৃহত্তর আন্দোলনে শামিল হবেন তাঁরা।