ধর্মতলার ধরনামঞ্চ থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করে তিনি বলেন, ভোটের আগেই ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর-এর নামে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “ভোটের আগেই ভোট করে দিচ্ছেন! নিজেকে অনেক বড় মনে করছেন। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন মিস্টার ভ্যানিশ কুমার।” তিনি স্পষ্ট করে জানান, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেওয়া হবে না এবং সবাইকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, বিজেপি সব সময় নেতিবাচক প্রচার চালায়। তাঁর দাবি, বাঙালিদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। তিনি বলেন, বিজেপি অভিযোগ করছে যে তিনি নাকি রাজ্যে মুসলমানদের ঢুকিয়ে দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, তাঁর বাড়ির এক মহিলার বিয়ের পর ঠিকানা বদল হওয়ায় তার নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে।
এছাড়াও সম্প্রতি রাজ্যপাল আনন্দ বোসের (C. V. Ananda Bose) আকস্মিক পদত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর ( Droupadi Murmu) বঙ্গ সফরের সময় রাজ্যপালের উপস্থিত থাকার কথা থাকলেও পরে তাঁকে দিল্লিতে ডেকে চাপ সৃষ্টি করে পদত্যাগ করানো হয়েছে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে তিনি কেন্দ্রের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।





