Header AD

রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে ক্ষোভ, হাতা-খুন্তি নিয়ে রবিবার মিছিলের ডাক মমতার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহের মধ্যেই ভারতে হঠাৎ করে বাড়ল রান্নার গ্যাসের দাম। শুক্রবার মধ্যরাত থেকে গৃহস্থালির ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। ফলে আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, এখন সেটি কিনতে হবে ৯৩৯ টাকায়। এই মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এর প্রতিবাদে রবিবার পথে নামছেন তিনি।

শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের দুর্ভোগের কথা না ভেবেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্র কেন পরিস্থিতি ভেবে দেখল না। তাঁর কথায়, গ্যাসের দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষ রান্না করবে কীভাবে? এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবার পথে নামার ঘোষণা করেছেন মমতা। রবিবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছেন তিনি। মিছিলে তিনি নিজে সাদা পোশাকে থাকবেন, আর সাধারণ মানুষ ও দলের নেতা-কর্মীদের কালো পোশাক পরে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মহিলাদের হাতা-খুন্তি নিয়ে মিছিলে যোগ দেওয়ার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম আবার বাড়ানো হয়েছে। এখন আপনাকে ২১ দিন আগে গ্যাস বুক করতে হবে, তাহলে আপনার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে ২১ দিনের জন্য আপনি কী করবেন? আপনি কী খাবেন? আপনি কি মানুষের জন্য খাবারের হোম ডেলিভারি দেবেন? এমনকি কেরোসিনের কোটাও কমানো হয়েছে। আপনি প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। এই কারণেই আপনি ভোট মুছে ফেলতে চান? বাংলা ভাঙতে চান? অন্যরা হয়তো আপনাকে ভয় পাচ্ছে, আমরা নই। আমরা আপনার মুখোশ খুলে দেব।‘

শুধু গৃহস্থালির গ্যাসই নয়, বাণিজ্যিক গ্যাসের দামও বাড়ানো হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৯৯০ টাকা করা হয়েছে। এর ফলে রেস্তরাঁ ও হোটেলে খাবারের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি খবর, দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২১ দিন করা হয়েছে, আগে যা ছিল ১৫ দিন।

গ্যাসের দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের রান্নাঘরে চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।