এসআইআর (SIR) প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদের প্রতিবাদে ধর্মতলায় তৃণমূলের ধরনা সোমবার চতুর্থ দিনে পড়ল। সোমবার সকালে ধর্নামঞ্চের কাছেই কয়েকজনকে বিজেপির লিফলেট বিলি করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। খবর পেয়েই মঞ্চ থেকেই কড়া প্রতিক্রিয়া জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি গোটা ঘটনার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশও দেন। মমতার নির্দেশের পরই তিনজনকে আটক করে পুলিশ।
মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই বলেন, বিজেপি ধর্নামঞ্চের আশপাশে লিফলেট বিলি করাচ্ছে এবং যাঁরা এ কাজ করছেন তাঁদের হাতেনাতে ধরার নির্দেশ দেন কর্মীদের। তিনি বলেন, “বিজেপি ধর্নামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে। গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের, ভোট চোর। শশী পাঁজাকে দায়িত্ব দিচ্ছি এদের বিরুদ্ধে এফ আই আর করুক। এখানে ওদের ঢোকার অধিকার নেই। অন্যায় করলে ফোঁস করতে হয়। এদের হাতে নাতে ধরুন।”
এর প্রায় পনেরো মিনিটের মধ্যেই তৃণমূল নেত্রী জানান, যাঁরা লিফলেট বিলি করছিলেন তাঁদের ধরা হয়েছে। মঞ্চ থেকেই মোবাইলে ছবি দেখিয়ে তিনি দাবি করেন, উদ্ধার হয়েছে বিজেপির ‘ব্রিগেড চলো’ সংক্রান্ত লিফলেটও। বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, মানুষ আসছে না। মানুষের সমর্থন নেই। তৃণমূল কর্মীদের কাছে এসেছে লিফলেট বিলি করতে। গলায় দড়ি দিয়ে মরা উচিত।” পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তৃণমূল নেত্রী ।





