কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) টালা প্রত্যয়ের (Tala Prottay) সঙ্গে যৌথ উদ্যোগে এবার পুজোয় নিয়ে আসছে পরিবেশবান্ধব প্রযুক্তি । সোমবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মণ্ডপসজ্জার কঠিন বর্জ্যকে ব্যবহারযোগ্য জ্বালানি বা কাঠকয়লায় পরিণত করে ব্যবহার করা হবে । টালা প্রত্যয়ের এই উদ্দ্যোগের প্রসংশা করেন ফিরহাদ।
সাংবাদিক বৈঠকে ফিরহাদ জানান আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পরীক্ষামূলক ভাবে মণ্ডপ সংলগ্ন এলাকায় এই প্রযুক্তির ব্যবহার করা হবে। সফল হলে পরে হাইওয়ে সংলগ্ন এলাকায় এই যন্ত্রগুলি বসানো হবে। সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে তা জ্বালানিতে পরিণত করা হবে। এই পদ্ধতিতে যে কাঠকয়লা তৈরি হবে, তা তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট তৈরির কারখানা কিংবা অন্যান্য শিল্পক্ষেত্রে কাজে লাগানো হবে। তিনি আরও জানান এই যন্ত্র ব্যবহার করলে বর্জ্য আলাদা করে পরিবহণ করতে হবে না। যেখানে যন্ত্রটি রয়েছে, সেখানেই বর্জ্য প্রক্রিয়াকরণ করা হবে। ‘‘আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পাইলট প্রজেক্টটি শুরু হবে। তবে পরবর্তী কালে এর পরিধি বাড়ানোর কথা ভাববে কলকাতা পুরসভা।’’





