Header AD

বড়বাজারে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

বুধবার বিবি গাঙ্গুলি স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় আগুন। এ বার আগুনের গ্রাসে বড়বাজার। বৃহস্পতিবার দুপুরে বড়বাজারের বনফিল্ড লেনের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। জানা গিয়েছে, তিনতলা ওই ভবনের নীচের তলাতেই প্রথম আগুনের লাগে। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যার ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় সমস্ত এলাকা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। ইতিমধ্যেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ গুদামটি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। গুদামটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে দুটি ইঞ্জিন গেলেও, পরে সংখ্যাটি বাড়ে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছিলেন দমকল কর্মীরা। রাসায়নিক পদার্থ থাকায় জলের বদলে ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজ করেছেন । মুখে অক্সিজেন মাক্স লাগিয়ে কাজ করেছেন তাঁরা। ঘিঞ্জি এলাকা হওয়ার কারনে স্থানীয়দের সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের তেমন কোনও খবর নেই।

প্রসঙ্গত, পর পর দুদিন শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত বুধবার সকালে উত্তর কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের আসবাব ও প্লাইউডের একটি দোকানে আগুন লাগে। সেই ঘটনায়ও এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। দোকান সংলগ্ন এলাকায় লোকবসতি রয়েছে এবং একের পর এক আবাসন গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন তাঁদের বহুতলেও ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে সেখানে দমকলের ১০ টি ইঞ্জিন পৌঁছেছিল। প্রথমে বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টার পর শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।