Header AD

খড়দহে রং কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণের শব্দে আতঙ্ক এলাকাজুড়ে, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

ভোররাতে উত্তর ২৪ পরগনার খড়দহের ইশ্বরীপুরের একটি রং কারখানায় বিধ্বংসী আগুন লাগে। এলাকাবাসীরা, ভোর বেলায় আজমকায় কারখানা থেকে দাউদাউ করে আগুন বেরতে দেখেন কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনো স্পষ্ট নয়। তবে রাসায়নিক মজুত থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। কারখানার ভিতর থেকে একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ইতিমধ্যেই পাশেই গেঞ্জির কারখানায় ছড়িয়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে কাজ করছে দমকলের ২০ টি ইঞ্জিন।

তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুনের উৎসস্থলে পৌঁছনো যায়নি। পাঁচিল ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এদিকে ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ আচমকা খড়দহের ইশ্বরীপুরের রংয়ের কারখানায় আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানা ও দমকলে। খবর পেয়েই পরিস্থিতির ভয়াবহতা বুঝে একে একে ঘটনাস্থলে পৌঁছয় ২০ টি ইঞ্জিন।

সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বারাকপুরের সিপি।দমকলের আধিকারিকরা জানিয়েছেন, “পাঁচিল ভেঙে ভিতরে ঢোকা হয়েছে। পাশের গেঞ্জি কারখানার আগুন দ্রুতই আয়ত্তে আসবে। তবে রংয়ের কারখানার আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা সময় লাগবে। কারখানার ভিতরে কেউ ছিল কি না, এখনও আমরা জানতে পারিনি।” কারখানা থেকে খানিকটা দূরেই ইশ্বরীপুর গ্রাম। এই অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা।