মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক দোকানে আগুন ছড়িয়ে মুহূর্তে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা চত্বর। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকলকর্মীদের।
মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন লাগোয়া এলাকায় সারি সারি খাবারের দোকানের পাশেই রয়েছে একটি কাঠগোলা। প্রাথমিক তথ্য অনুযায়ী, এদিন ওই কাঠগোলাতেই প্রথম আগুনের সূত্রপাত। সেখান থেকেই দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। আশপাশে বহু খাবারের দোকান থাকায় সেখানে মজুত থাকা একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে শুরু করে। পরপর বিস্ফোরণের জেরে অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। কাঠগোলা সংলগ্ন একাধিক দোকানে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এই আগুনের প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। তবে কী থেকে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। দমকলের কর্তারা জানিয়েছেন, সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে না এলে ঘটনার উৎস সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে এখনই জানানো সম্ভব নয়।





