Header AD

ফের কলকাতায় পারদপতন! নতুন বছরে কি তুষারপাত দার্জিলিংয়ে? কী বলছে হাওয়া অফিস

সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মোড়া শহরের পথ ঘাট। একই দশা শহরতলী ও জেলাতেও । উত্তরেও একই অবস্থা। হিমেল হাওয়া আর হাড়কাঁপানো শীতে কার্যত জবুথবু গোটা বাংলা। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলেই খবর। এমনকি বর্ষবরণে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে। যা শুনে রীতিমতো খুশি পাহাড়ের পর্যটকরা।

রবিবারের পর সোমবারে ফের পারদপতন হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী চব্বিশ ঘণ্টা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে তার পর কলকাতার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কারণ, উত্তর-পশ্চিম ভারত থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩০ ডিসেম্বর। তার প্রভাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা হয়ে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ।

এদিকে রাজ্যের পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা ৮-১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আবার বর্ষবরণের রাতে দার্জিলিংয়ের সান্দাকফু, চটকপুরে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে। সিকিমেও তুষারপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিংয়ে বৃষ্টিও হতে পারে। এছাড়া শীতে বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং। তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।