Header AD

কলকাতায় ফের পারদ পতন! দ্বিতীয় ইনিংসে শীত কি তবে ঘুরে দাঁড়াল

কনকনে ঠান্ডাটা কমেই গিয়েছিল। এমনকি দিনের বেলায় গায়ে সোয়েটার চাদর রাখা দায় হচ্ছিল। ইতি উতি ফ্যান ঘুরছে।কিন্তু সরস্বতী পুজোর দিন থেকেই শীত আবার ঘুরে দাঁড়াল। ফের পারদ নামতে শুরু করেছে। শুক্রবার সরস্বতী পুজোর দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির ঘরে। শনিবার আরও খানিকটা নামল পারদ। টানা নিম্নমুখী পারদ দেখে অনেকে মনে করছেন, শীত ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানায়নি।

মাঘের শুরুতে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৫-১৬ ডিগ্রিতে। শুক্রবার তা আচমকা নেমে যায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। আরও কমে শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তা ছাড়া, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। শুক্রের পর শনিবারও দিনভর শহরের আকাশ মেঘমুক্ত থাকবে। সারাদিনের তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।এদিকে রাজ্য জুড়েই কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী আরও তিন-চার দিন। এর ফলে সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার বাড়তি সতর্কতা রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে।

উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।শনিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ঠান্ডার বিচারে রাজ্যে দ্বিতীয়। উত্তরবঙ্গের কালিম্পং এবং কোচবিহারে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা বাঁকুড়ায় ১১, শ্রীনিকেতনে ১১.৫, বহরমপুরে ১১.৬, ক্যানিংয়ে ১১, পানাগড়ে ১১.২, আসানসোলে ১১.৩, ব্যারাকপুরে ১১ এবং ঝাড়গ্রামে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। কলকাতার উপকণ্ঠে দমদমে ১২.২ এবং সল্টলেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নেমেছে।