ফের ব্যস্ত সময় বিপত্তি মেট্রো পরিষেবায়। আচমকাই সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। যার ফলে এই দুই স্টেশনের মধ্যে বন্ধ মেট্রো পরিষেবা। যদিও নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বর্তমানে মেট্রো চলছে বলে জানা যাচ্ছে। যে কারণে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
সূত্রের খবর ,দক্ষিণেশ্বরে পয়েন্টে সমস্যা ধরা পড়ে। এরপরেই সংশ্লিষ্ট এই মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া স্টেশন পর্যন্ত বন্ধ হয়ে যায় পরিষেবা। প্রায় ১১ টা থেকে পরিষেবা বন্ধ রয়েছে বলে খবর। তবে, গত কয়েকমাসে একাধিকবার মেট্রো বিভ্রাটের সাক্ষী হয়েছেন যাত্রীরা। শুধুই যান্ত্রিক গোলযোগ নয়, অতিরিক্ত বৃষ্টিতে টানেলে জল ঢুকে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে পাতালপথে পরিষেবা। যার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। লক্ষ্মীপুজো মিটতেই ফের বিভ্রান্তির মুখে কলকাতা মেট্রো। আবার ভোগান্তির শিকার যাত্রীরা।




