শহরে গলিপথ থেকে বড় রাস্তা- সব জায়গায় আরও কার্যকর ভাবে সাফাই ব্যবস্থার লক্ষ্যে একগুচ্ছ আধুনিক মেশিন রাস্তায় নামাল কলকাতা পুরসভা। ছোট আকারের ব্যাটারি চালিত অত্যাধুনিক মেকানিক্যাল সুইপার বা স্বয়ংক্রিয় ঝাড়ু চালু করা হয়েছে, যাতে সরু লেন ও আবাসিক এলাকার ছোট রাস্তাও সহজে পরিষ্কার রাখা যায়। এই বড় আকারের মেশিনগুলি এক দিকে যেমন ঝাড়ু দিতে সক্ষম, তেমনই ভ্যাকুয়াম ক্লিনারের মতো ধুলো ও ময়লা শোষণ করতে পারে। একই সঙ্গে স্প্রিংকলারের মতো রাস্তায় জল ছিটিয়ে ধুলিকণা নিয়ন্ত্রণেও বড় ভূমিকা নেবে। সিএনজিচালিত এমন বড় আকারের ২০টি মেশিনও কেনা হয়েছে। ব্যাটারি এবং সিএনজিচালিত এমন বিভিন্ন ধরনের ৬৯টি গাড়ি-মেশিন পথে নামাল পুরসভা। সম্প্রতি এগুলির উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সব মিলিয়ে মেশিনগুলি কিনতে ৯০ কোটি টাকা খরচ হয়েছে।

নতুন মেশিনগুলির কার্যকারিতা খতিয়ে দেখেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং। কলকাতা পুরসভার জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গিয়েছে, ছোটো রাস্তায় বড় মেকানিক্যাল সুইপার ঢোকাতে সমস্যা হয়। তাই ছোটো আকারের ব্যাটারিচালিত মেকানিক্যাল সুইপার নামানো হল। একবার চার্জ দিলে এই গাড়ি প্রায় আট ঘণ্টা চলবে। এক পুরকর্তা বলেন, ইতিমধ্যে মুম্বই, ইন্দোর এবং নাসিকে এই ধরনের মেশিনে সাফাইয়ের কাজ হচ্ছে। পুরসভার প্রতিনিধিদল গিয়ে সেই কাজ দেখেও এসেছে। মেশিনগুলির কর্মক্ষমতাও আশানুরূপ। এই নতুন ধরনের সিএনজিচালিত বড় মেকানিক্যাল সুইপারগুলি কার্যত এক একটি ‘অল ইন ওয়ান’। পুরনো মেশিনগুলি শুধুমাত্র রাস্তায় ঝাড়ু দিতে এবং ময়লা-আবর্জনা, ধুলো ভ্যাকুয়াম ক্লিনার পদ্ধতিতে ভিতরে টেনে নিতে পারে। তবে এক্ষেত্রে প্রচুর ধুলো ওড়ে। কিন্তু নতুন মেশিনগুলিতে এভাবে সাফাইয়ের পাশাপাশি রাস্তায় জল ছিটানোর স্প্রিংকলারও থাকছে। তাতে রাস্তায় ঝাড়ু পড়ার সঙ্গে সঙ্গে জল ছিটানো হবে স্বয়ংক্রিয়ভাবে। ফলে এই মেশিন চলার সময়ে ধুলো উড়বে না। মেয়র বলেন, শহর সাফাই করতে এই আধুনিক মেশিন আরও ভালো কাজ করবে।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এছাড়াও কেনা হয়েছে ১৫টি বিশেষ ধরনের ‘ওয়াটার স্প্রিংকলার’, জঞ্জাল সাফাই করতে চারটি ভ্যাকুয়াম ক্লিনারের মতো সাকশন মেশিন। এর বাইরে এসেছে ১০টি ‘ব্যাক হো লোডার’। এগুলি দিয়ে ভারী জঞ্জাল, যেমন নির্মাণ বর্জ্য ইত্যাদি তোলা যাবে। এছাড়া মাটি খুঁড়তে বা গর্ত বোঝাই, অর্থাৎ ‘ল্যান্ডফিল্ড’ করতেও ব্যবহার করা যাবে।





