Header AD

শনিবার ব্রিগেড সমাবেশে মোদী ! কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, জারি ট্র্যাফিক নির্দেশিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কলকাতা সফর এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপনী সমাবেশকে ঘিরে শনিবার শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে এলপিজি সিলিন্ডার, তেল, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ফল, মাছ, দুধ এবং ওষুধ পরিবহণকারী ভারী যান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

ট্র্যাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী, এসপ্ল্যানেড র‍্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়ে-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশের এলাকা, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন-সহ কয়েকটি রাস্তায় শনিবার পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

পুলিশ সূত্রে খবর, ভিভিআইপি চলাচল এবং সমাবেশের মিছিলের রুট ধরে প্রয়োজন অনুযায়ী কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হতে পারে। একই সঙ্গে পরিস্থিতি অনুযায়ী ট্রাম পরিষেবাও সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।

তবে এ দিনও প্রতিদিনের মতো ট্র্যাফিক পুলিশের নিয়মিত বিধিনিষেধ এবং নির্দেশিকা মেনে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।