মাসিক ৫ হাজার টাকা ভাতা, বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার তাদের দায়িত্ব নেবে, সম্পূর্ণভাবে সাহায্য করবে, বাঙালি-বিদ্বেষের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তাঁরা রাজ্যে ফিরে ‘শ্রমশ্রী’তে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। একবছর পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। কাজ না পাওয়া পর্যন্ত এই আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। থাকার জায়গা না থাকলে শেড করে দেওয়া হবে। এমনকি তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থাও করে দেবে রাজ্য সরকার। ভিনরাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী।





